নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সিলেট এর উদ্যোগে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪” উদযাপন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সিলেট এর উদ্যোগে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভোরবেলা কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা, সিলেট এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে ভাষার গান পরিবেশন করা হয়। পরবর্তীতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর পক্ষ হতে একটি দেয়ালিকার উদ্বোধন করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ১নং ফাহিম লেকচার গ্যালারীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ মৌলানা মোঃ মামুনুর রশীদ চৌধুরী, ইমাম ও খতিব, নর্থ ইষ্ট মেডিকেল কেন্দ্রীয় জামে মসজিদ। আলোচনা সভায় বক্তরা ভাষার জন্য শহীদদের অবদান ও মাতৃভাষার আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাওয়ার কারণ ব্যাখ্যাসহ মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ। “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” এর আহবায়ক অধ্যাপক ডাঃ অভিজিৎ দাস এর প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ রাবেয়া বেগম, জনাব আবু আহমেদ সিদ্দিকী, ডাঃ কামরুল হোসেন আজাদ, অধ্যাপক ডাঃ উম্মে ফাহমিদা মালিক, অধ্যাপক ডাঃ তনুশ্রী সরকার, অধ্যাপক ডাঃ গুলজার আহমদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম.এ. কাইয়ূম, চেয়ারম্যন, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ বলেন ভাষার মধ্যে বাংলা ভাষা ৬ষ্ঠ। তিনি আমাদের ভাষাকে অন্তরে লালন করতে সকলের প্রতি উদ্বাত্ত আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, চেয়ারম্যান, গভর্নিং বডি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ বলেন বাংলা ভাষা আন্দোলন না হলে আজও আমরা এভাবে কথা বলতে পারতান না। শুধু ২১শে ফেব্রুয়ারিতে নয় সব সময় আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ বলেন ১৯৪৮ সাল থেকে ভাষার জন্য আন্দোলন না হলে আজকের বাংলাদেশ হতো না এবং আপনারা আপনাদের এ অবস্থানে আসতে পারতেন না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডাঃ সাব্বির হোসেন, অধ্যাপক প্যাথলজি বিভাগ।
সভায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতাল ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) ও নর্থ ইষ্ট নার্সিং কলেজ এর শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও শিরনি বিতরণ করা হয়।